নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে রূপগঞ্জের ৩০০ ফিট এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ। অভিযানে বিভিন্ন যানবাহন তল্লাশি ও কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি হুইস্কি ও সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
চেকপোস্টে মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় গাড়ির রেজিস্ট্রেশন ও চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাফিক আইনে ১১টি গাড়ির মালিকের বিরুদ্ধে জরিমানা করা হয়।
অভিযানকালে ৩ বোতল হুইস্কি ও একটি সামুরাইসহ ছয়জনকে আটক করা হয়।
জেলা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি), সহকারী পুলিশ সুপার (গ সার্কেল), রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ, ডিবির অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

