মাদকসেবী ৪০ জন গ্রেপ্তার, সোনারগাঁয়ে সর্বোচ্চ ২৪ জন আটক
নারায়ণগঞ্জ জেলার সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) পরিচালিত এ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী, ৪০ জন মাদকসেবী, ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ২ জন নিয়মিত মামলার আসামি, ৩ জন অন্যান্য ধারার আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য রয়েছেন।
অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ১৬০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ২০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করে।
থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্যে দেখা যায়, সোনারগাঁয়ে সর্বোচ্চ ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া ফতুল্লা মডেল থানায় ১১ জন, বন্দরে ৮ জন, রূপগঞ্জে ৮ জন এবং আড়াইহাজারে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

