দুর্গাপূজার বিজয়া দশমীর দিনে জুলাই গণ-আন্দোলনের অন্যতম কনিষ্ঠ শহীদ রিয়া গোপের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে তিনি রিয়া গোপের বাসায় গিয়ে তার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় খোরশেদ বলেন, “আজ আপনাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। চারদিকে যখন উৎসবের আমেজ, তখন আপনাদের ঘরে বিসর্জনের বিষাদ। রিয়ার বিসর্জনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। রিয়া ও আপনাদের এই ত্যাগ আমরা কখনো ভুলব না। রিয়া আমাদের মাঝে জাগ্রত থাকবে, আর ওর আত্মবিসর্জন আমাদের হৃদয়ে চিরকাল অম্লান থাকবে।”
সাক্ষাৎকালে খোরশেদ রিয়া গোপের বাবা-মায়ের হাতে ‘পূজার সাজে রিয়া’ শিরোনামে রিয়ার একটি ফটোফ্রেম ও কিছু উপহার তুলে দেন।
এ সময় তিনি আরও বলেন, রিয়া গোপ ফ্যাসিবাদী আওয়ামী লীগের বর্বরতার এক নির্মম সাক্ষী। তাদের বর্বরতা থেকে ছাত্র-জনতা, এমনকি ঘরে থাকা গৃহিণী ও শিশুরাও রক্ষা পায়নি। তিনি অবিলম্বে রিয়া গোপ হত্যার বিচার নিশ্চিত করা এবং রায় কার্যকরের দাবি জানান।
উল্লেখ্য, জুলাই গণ-আন্দোলন চলাকালে ২৪ জুলাই নিজ বাড়ির ছাদে খেলাধুলা করার সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয় শিশু রিয়া গোপ। তার মৃত্যু আন্দোলনকালে সহিংসতার এক মর্মান্তিক স্মৃতি হয়ে রয়েছে।

