নারায়ণগঞ্জে ধারাবাহিক হত্যাকাণ্ড, ছিনতাই, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতায় উদ্বেগ প্রকাশ করে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
তিনি বলেন, মানুষ যদি কর্মস্থলে যেতে, ব্যবসা পরিচালনা করতে কিংবা পরিবারের সদস্যদের নিয়ে রাস্তায় চলাচল করতে নিরাপত্তাহীনতায় ভোগে, তাহলে তা স্বাভাবিক জনজীবনের জন্য গভীর উদ্বেগের বিষয়। ছিনতাই ও চাঁদাবাজির আতঙ্ক থেকে নগরবাসীকে মুক্ত করতে হবে। অপরাধ নিয়ন্ত্রণে শুধু আশ্বাস নয়, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।
নারায়ণগঞ্জে সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ জানিয়ে তিনি বলেন, রূপগঞ্জ ও সোনারগাঁয়ে যুবদল নেতাদের হত্যাকাণ্ড এবং নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক আরিফ আলম দিপুর ছিনতাইয়ের শিকার হওয়ার ঘটনা নাগরিক নিরাপত্তার বিষয়টি নতুন করে সামনে এনেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং ছিনতাইপ্রবণ এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা জরুরি।
এবিএম সিরাজুল মামুন আরও বলেন, চাঁদাবাজি ও দখলদারত্বের কারণে ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ নাগরিকেরা যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে হবে। অপরাধী যে-ই হোক, তার পরিচয় কিংবা প্রভাবের কারণে আইনের প্রয়োগ বাধাগ্রস্ত হওয়া উচিত নয়। পাশাপাশি কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে প্রতিরোধমূলক উদ্যোগ নিতে হবে।
তিনি নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি জোরদার, ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগ দ্রুত তদন্ত এবং অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় নগর পাঠাগার মিলনায়তনে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার বাছাইকৃত অগ্রসর দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত এক তরবিয়তী সভায় বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দারসুল কোরআন, বিষয়ভিত্তিক আলোচনা, প্র্যাকটিক্যাল ওয়ার্কসহ বিভিন্ন প্রশিক্ষণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় দারসুল কোরআন পেশ করেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শায়খুল হাদীস আল্লামা শেখ সালাহউদ্দীন। বিষয়ভিত্তিক আলোচনা করেন কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল হক, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন এবং নারায়ণগঞ্জ মহানগর সহসভাপতি ডা. শামীম ভূঁইয়া।
মহানগর সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, মহানগর সহসভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, সদর থানা সভাপতি খন্দকার হাফেজ আওলাদ, জেলা সহসাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী ও মুহাম্মদ শরীফ মিয়াজী, বন্দর থানা পশ্চিম সভাপতি হাফেজ মাওলানা ফরিদুজ্জামান, ফতুল্লা থানা সভাপতি আবুবকর সিদ্দীক, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদ এবং ইসলামী ছাত্র মজলিসের মহানগর সেক্রেটারি কামরুল হাসান মিরাজসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

