ডিসেম্বরে দেশে ফেরার আকাঙ্ক্ষা, রাজনৈতিক সহযাত্রীদের নিয়ে অনিশ্চয়তা এবং আওয়ামী লীগের নেতাদের ভূমিকা—এসব বিষয়কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার উপযোগী একটি ব্যঙ্গাত্মক কাল্পনিক সংলাপ তৈরি করে ফেসবুকে পোস্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
সংলাপটিতে ‘আপা’ ও ‘শামীম’ চরিত্রের কথোপকথনের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগ নেতাদের অবস্থান এবং দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রসাত্মক ইঙ্গিত তুলে ধরা হয়েছে।
কাল্পনিক কথোপকথনে ‘আপা’ ডিসেম্বর মাসে শামীমকে সঙ্গে নিয়ে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন। একসঙ্গে খাওয়া, বিশ্রাম ও সময় কাটানোর পরিকল্পনার কথাও জানান। জবাবে শামীম নিজের স্টেজ ফোর ক্যান্সারের কথা উল্লেখ করে বলেন, সুস্থ হয়ে তারপর ফিরবেন।
এরপর কথোপকথনে উঠে আসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একসঙ্গে বাকি জীবন কাটানোর স্বপ্ন এবং মাঝেমধ্যে নারায়ণগঞ্জে বেড়াতে যাওয়ার প্রসঙ্গ।
তবে দেশে ফেরার সঙ্গী নিয়ে প্রশ্ন উঠতেই একে একে আলোচনায় আসেন শেখ সেলিম, শেখ হেলাল, শেখ তাপস, শেখ পরশ, শেখ জুয়েল, শেখ তন্ময় ও শেখ গোপালের নাম। কিন্তু তাঁদের দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়ে ‘আপা’ জানান, তাঁরা আরও কিছুদিন ভারতে থাকার কথা বলছেন।
পরবর্তী পর্যায়ে কথোপকথনে উঠে আসে ওবায়দুল কাদের ও জাহাঙ্গীর কবির নানকের নাম। তাঁদের নিয়েও ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। সবশেষে নবনীতা ও সুবীর ভৌমিককে সঙ্গে নিয়ে ফেরার একটি রসাত্মক প্রস্তাব দিয়ে সংলাপের সমাপ্তি ঘটে।
সংলাপটি হুবহু কপি করে দেয়া হল:
আপা: আমি চাচ্ছি তুমি আমার সাথে ডিসেম্বরে ফিরবে!! আমরা একসাথে খাবো, বিশ্রাম করব আর খেলবো!!
শামীম: অবশ্যই ফিরবো ও খেলবো, আপা!! কিন্তু আমার তো স্টেজ ফোর ক্যান্সার। আমি সুস্থ হয়ে নেই তারপর ফিরবো!!
আপা: কী বলো!! স্টেজ ফোর ক্যান্সার!! আমাকে আগে বলোনি কেন!!
শামীম: আপনি ডিসেম্বর নিয়ে ব্যস্ত ছিলেন!!
আপা: আমার খুব ইচ্ছা আমরা দুই ভাই-বোন বাকি জীবনটা একসাথে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় থাকবো। আর মাঝেমধ্যে নারায়ণগঞ্জ বেড়াতে যাবো!!
শামীম: আপা, আমার হৃদয় সবসময় গোপালগঞ্জে আর নারায়ণগঞ্জে আছে ও থাকবে!! কিন্তু তার আগে নিউইয়র্কে একটু চিকিৎসা নিয়ে নেই!!
আপা: তাইলে ডিসেম্বরে আমি কার সাথে ফিরবো!!
শামীম: শেখ সেলিম; শেখ হেলাল, শেখ তাপস, শেখ পরশ, শেখ জুয়েল, শেখ তন্ময়, শেখ গোপাল!!
আপা: তুমি খালি শেখদের নাম বললা!! কিন্তু ওরা তো বলছে গোপালগঞ্জে ফেরাটা ঠিক হবে না!! ওরা আরও কিছুদিন ভারতে থাকবে!! ওরা বলছে আমার যাওয়ার পর ওরা আসবে!!
শামীম: তাইলে ওবায়দুল কাদের ও নানককে নেন!!
আপা: কাদের তো ছবি তোলায় ব্যস্ত!! আর কী সব ‘ম্যান ইজ মরটাল’ মার্কা ফেসবুক পোস্ট দেয়!! নানক পুরাই তাল!!
শামীম: তাইলে নবনীতা আর সুবীর ভৌমিককে নিয়ে ফিরেন!! বাকিটা পরে দেখবো!!
রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম ব্যবহার করে তৈরি এই কাল্পনিক সংলাপের মূল উপজীব্য হলো—রাজনৈতিক সংকটে কে কার পাশে থাকবেন, দেশে ফেরার প্রশ্নে নেতাদের অবস্থান কী এবং রাজনৈতিক সহযাত্রীদের মধ্যে কতটা আস্থার সম্পর্ক রয়েছে।
বিশেষ দ্রষ্টব্য: এটি একটি ব্যঙ্গাত্মক ও কাল্পনিক রাজনৈতিক সংলাপনির্ভর লেখা। এখানে উপস্থাপিত কথোপকথন বা বক্তব্যকে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাস্তব কথোপকথন কিংবা আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে বিবেচনা করা যাবে না।

