কৃষি খাতে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন ও ব্যবসা সম্প্রসারণে ১২ দিনের বিশেষ প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বিশ্বব্যাংক এবং IFAD-এর যৌথ উদ্যোগে PARTNER (DAM) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পোস্ট হার্ভেস্ট ম্যানেজমেন্ট, উত্তম কৃষি চর্চা, অ্যাকাউন্টস ও বুক কিপিং, বিজনেস প্ল্যানিং, সেলস ও মার্কেটিং, আর্থিক ব্যবস্থাপনা, লিগ্যাল কমপ্লায়েন্স ও ডকুমেন্টেশন এবং মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
এ প্রশিক্ষণে কৃষি উদ্যোক্তারা মোট ১০টি বিষয়ে আবেদন করতে পারবেন। বিষয়গুলো হলো: কৃষি উপকরণ, খাদ্য প্রক্রিয়াকরণ, ফল ও সবজি প্রক্রিয়াকরণ, মাছ-মাংস ও দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ, খাদ্য বহির্ভূত পণ্য (পাটজাত পণ্য) প্রক্রিয়াকরণ, মসলা জাতীয় পণ্য প্রক্রিয়াকরণ, এগ্রো-টুরিজম, কৃষি যন্ত্রপাতি ও মেকানিক্স সেবা, বাণিজ্যিক কৃষি এবং মাশরুম উৎপাদন ও প্রক্রিয়াকরণ।
আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন এই লিংকে: https://aeims.dam.gov.bd/
সংশ্লিষ্টরা জানান, সরকারি এ উদ্যোগ কৃষি উদ্যোক্তাদের আধুনিক জ্ঞান ও ব্যবসায়িক দক্ষতা বাড়াতে সহায়ক হবে এবং কৃষিভিত্তিক ব্যবসাকে আরও টেকসই ও লাভজনক করতে ভূমিকা রাখবে।

