সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাজনৈতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকে নিয়ে। তাকে উদ্দেশ্য করে সাবেক ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সম্রাটের একটি পোস্টের জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান দোলন।
সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে সাবেক মহানগর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান সম্রাট মশিউর রহমান রনিকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তিনি লেখেন, রনির চোখের নিচে কালো দাগ পড়েছে এবং তাকে নিয়মিত ঘুমানোর পরামর্শ দেন। একই সঙ্গে তিনি ইঙ্গিত করেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার আশঙ্কায় রনি নাকি দুশ্চিন্তায় আছেন।
সম্রাটের ওই পোস্ট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এর জবাবে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান দোলন।
দোলন তার পোস্টে লেখেন, “মশিউর রহমান রনি ভাই নাকি ঘুমায় না, আসলেই সে ঘুমায় না। কারণ সে জনতাকে নিয়ে কাজ করে, তাদের নিয়ে চিন্তিত।”
তিনি আরও লেখেন, “তুমি ভাই বললা আওয়ামী লীগ আসবে সেই চিন্তায় ঘুমায় না, সেটা তো ছাপড়ি মার্কা কথা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তোমার বাপ শামীম ওসমানকে ওপেন থ্রেট দিয়ে খেলতে নামতে বলা লোকটার নাম মশিউর রহমান রনি।”
পোস্টের শেষাংশে দোলন উল্লেখ করেন, “তুমি না চিনলেও তোমার বাপ শামীম ওসমান চিনে তাকে। মনে রেখো, নামটা কিন্তু মশিউর রহমান রনি।”
দুই পক্ষের এসব বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক কর্মী ও অনুসারীদের মধ্যেও বিষয়টি নিয়ে চলছে নানা ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া।
তবে এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। সামাজিক মাধ্যমে দেওয়া ব্যক্তিগত পোস্টের সূত্র ধরেই বিষয়টি আলোচনায় এসেছে।

