নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জল হোসেন আনোয়ারের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জের পশ্চিম এনায়েতনগর, গোদনাইল এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম জাফরুল হাসান লিছান। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগীর অভিযোগ, পূর্ব বিরোধের জেরে মোফাজ্জল হোসেন আনোয়ার তাকে মারধর করেন। এ সময় তিনি গুরুতর আহত হন এবং তার ডান হাতের একটি আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত শিক্ষার্থী জাফরুল হাসান লিছান অভিযোগ করে বলেন, “আমার ওপর আকস্মিক হামলা চালানো হয়েছে। এতে আমি গুরুতর আহত হয়েছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
তবে এ বিষয়ে অভিযুক্ত মহানগর যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ারের বক্তব্য পাওয়া যায়নি। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এদিকে ঘটনাটির বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

