নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
ফুটবল বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ উপলক্ষে নারায়ণগঞ্জের তোলারাম কলেজ প্রাঙ্গণে জায়ান্ট স্ক্রিনে খেলা উপভোগের আয়োজন করা হয়েছে। আগামী ভোর ৪টায় কলেজ মাঠে একসঙ্গে খেলা দেখবেন শিক্ষার্থী ও ফুটবলপ্রেমীরা।
তোলারাম কলেজ ছাত্রদল নেতা আজিজুল ইসলাম রাজিব শনিবার রাতে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অনেকেই শহীদ মিনারে খেলা প্রদর্শনের প্রস্তাব দিয়েছিলেন। তবে সম্ভাব্য ঝড়-বৃষ্টি ও সার্বিক আবহাওয়ার পরিস্থিতি বিবেচনায় আপাতত কলেজ ক্যাম্পাসেই খেলা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে অনুকূল পরিবেশ থাকলে শহীদ মিনারেও এমন আয়োজন করার চেষ্টা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, “আজ ভোর ৪টায় ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচ আমরা তোলারাম কলেজ মাঠে একসঙ্গে উপভোগ করবো, ইনশাআল্লাহ। সকলকে সময়মতো উপস্থিত থাকার আমন্ত্রণ রইল।”
এদিকে চলমান বিশ্বকাপে ব্রাজিল ও মরক্কোর লড়াইকে অন্যতম আকর্ষণীয় ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপ অভিযান শুরু করছে, অন্যদিকে ২০২২ বিশ্বকাপের ইতিহাস গড়া মরক্কোও শক্তিশালী দল হিসেবেই মাঠে নামছে। ফুটবল বিশ্লেষকদের মতে, ম্যাচটি হতে পারে গ্রুপ পর্বের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইগুলোর একটি।

