চলতি বছরের বর্ষা মৌসুম শেষে আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, আগামী এক বছরের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং দেশের সব সিটি কর্পোরেশনের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে জামালপুর ৩ আসনের সরকারি দলের সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রী।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, বাজেটের প্রাপ্যতার ভিত্তিতে ধাপে ধাপে নির্বাচন আয়োজন করা হবে। সম্ভাব্য সূচি অনুযায়ী প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর পর্যায়ক্রমে পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশনের নির্বাচন আয়োজন করা হবে।
তিনি আরও জানান, নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনসহ দেশের ১৩টি সিটি কর্পোরেশনের নির্বাচনও একই সময়সীমার মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় আর্থিক পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। বিপুল ব্যয় বিবেচনায় প্রয়োজনীয় অর্থ চলতি জাতীয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি নির্বাচন আয়োজনের বিস্তারিত ব্যয় নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের কাছে ইতোমধ্যে একটি চিঠিও পাঠানো হয়েছে।
তিনি জানান, নতুন অর্থবছর শুরু হওয়ার পর স্থানীয় সরকার বিভাগ, নির্বাচন কমিশন এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে কাজ করে নির্বাচনের চূড়ান্ত তফসিল ঘোষণার প্রক্রিয়া সম্পন্ন করবে।

