নারায়ণগঞ্জের বন্দরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি এবং প্রবাসী স্বামীর ইমো (Imo) অ্যাকাউন্ট হ্যাক করে এক গৃহবধূর কাছ থেকে ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় প্রতারণার শিকার রুজিনা আক্তার বৃহস্পতিবার (১৮ জুন) বন্দর থানায় মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, রুজিনা আক্তারের স্বামী দীর্ঘদিন ধরে বিদেশে কর্মরত রয়েছেন। গত ১ মে তার ব্যবহৃত ইমো অ্যাকাউন্টটি হ্যাক করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। পরে ওই অ্যাকাউন্ট থেকেই রুজিনাকে জানানো হয়, তার স্বামীকে পুলিশ আটক করেছে।
ঘটনাকে বিশ্বাসযোগ্য করে তুলতে প্রতারকরা এআই প্রযুক্তির সাহায্যে তার স্বামীর চেহারা ও কণ্ঠস্বর নকল করে একটি ভিডিও তৈরি করে পাঠায়। ভিডিওতে স্বামীকে বিপদে রয়েছেন বলে মনে হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন রুজিনা।
এরপর স্বামীকে পুলিশি ঝামেলা থেকে মুক্ত করার কথা বলে প্রথমে ৬৩ হাজার টাকা দাবি করা হয়। স্বামীর নিরাপত্তার কথা ভেবে তিনি দুই দফায় বিকাশের মাধ্যমে ওই অর্থ পাঠিয়ে দেন।
পরে বিভিন্ন অজুহাতে আরও এক লাখ টাকা দাবি করা হলে তিন দফায় সেই টাকাও পরিশোধ করেন। এরপর আবারও এক লাখ টাকা চাওয়া হলে স্বামীর বিপদের কথা ভেবে সেটিও পাঠিয়ে দেন। এভাবে ধাপে ধাপে মোট ২ লাখ ৯০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।
প্রতারণার বিষয়টি বুঝতে পেরে রুজিনা আক্তার বন্দর থানায় মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ ও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতারণার ঘটনা বাড়ছে। তাই ভিডিও বা ফোন কলে পাওয়া তথ্য যাচাই ছাড়া অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে।

