ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান প্রধানের নাম আলোচনায় এসেছে। সম্প্রতি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গ্রেফতার হওয়ার পর স্থানীয় সরকার আইনের বিধান অনুযায়ী নতুন করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে একজনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হতে পারে। এ ক্ষেত্রে দীর্ঘদিনের জনপ্রতিনিধি ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতাউর রহমান প্রধানের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে চুড়ান্ত আলোচনায় রয়েছে।
এনায়েতনগর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, পরিষদের সেবা কার্যক্রম স্বাভাবিক রাখতে দ্রুত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের প্রয়োজন রয়েছে। স্থানীয়দের একটি অংশের মতে, মাঠপর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে আতাউর রহমান প্রধান দায়িত্ব পেলে পরিষদের চলমান কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন মহলের সঙ্গে সমন্বয় করে তিনি দায়িত্ব পাওয়ার বিষয়ে সক্রিয় রয়েছেন বলেও একাধিক সূত্র জানিয়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য আতাউর রহমান প্রধানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “সরকারি বিধি-বিধান অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। আমি আশাবাদী, খুব শিগগিরই এ বিষয়ে সরকারি নির্দেশনা জারি হবে।”
তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় সরকার বিভাগের বিধি-বিধান অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে বলে জানা গেছে।
এদিকে এনায়েতনগর ইউনিয়নের বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, দ্রুত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নির্ধারণ হলে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে এবং সাধারণ মানুষ আরও কার্যকরভাবে নাগরিক সেবা পাবেন।

