নারায়ণগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে খেলাফত মজলিস। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির মহাসচিব ড. আহমদ আবদুল কাদের গণভোটের রায় মেনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা ও মহানগরীর মজলিসে শূরার ষান্মাসিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। অধিবেশন শেষে তিনি জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পালন উপলক্ষে নারায়ণগঞ্জে মাসব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ড. আহমদ আবদুল কাদের বলেন, দেশে খুন, ছিনতাই, চাঁদাবাজি, দখলবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে। জনগণ শান্তি ও স্বস্তির পরিবর্তে ভীতি ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেশের অর্থনীতি, শিক্ষা ও সামাজিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরও বলেন, জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে জুলাই সনদের দ্রুত বাস্তবায়ন এখন সময়ের দাবি। জনগণ একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত, সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতিমুক্ত প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে সরকারকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত এবং জনগণের জানমালের নিরাপত্তা প্রদানে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, মাওলানা এনায়েতুল্লাহ মাদানী, ডা. শামীম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

