নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে চাষাড়া-পঞ্চবটি সড়কে দীর্ঘদিন ধরে জমে আছে ময়লা-আবর্জনা। সময়মতো অপসারণ না করায় জমে থাকা ময়লা ধীরে ধীরে বড় ধরনের ভাগাড়ে পরিণত হয়েছে। এতে বিদ্যালয়ে আসা শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সামনের নির্দিষ্ট স্থানে ময়লা জমে থাকলেও নিয়মিতভাবে তা অপসারণ করা হচ্ছে না। ফলে পচা-দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। বিশেষ করে বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রবেশ ও ছুটির সময়ে দুর্গন্ধের কারণে অস্বস্তিতে পড়তে হচ্ছে তাদের।

অভিভাবকদের দাবি, একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এভাবে ময়লা জমে থাকা অত্যন্ত দুঃখজনক। এতে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার্থীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বিদ্যালয়ের সামনের ময়লা অপসারণ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং সেখানে যাতে পুনরায় ময়লা জমতে না পারে সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শিক্ষার্থী ও অভিভাবকদের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

