নারায়ণগঞ্জে বিএনপিপন্থি আইনজীবীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও সাংগঠনিক অস্থিরতার অভিযোগ তুলে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়কের পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট সামছুন নূর বাঁধন। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের মেয়ে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মহাসচিব বরাবর লিখিত পদত্যাগপত্র জমা দেন তিনি।
পদত্যাগপত্রে সামছুন নূর বাঁধন উল্লেখ করেন, ২০২৫ সালের ২৭ মার্চ কেন্দ্রীয় কমিটি ঘোষিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান তিনি। কমিটি গঠনের তিন মাসের মধ্যেই সম্মেলনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করে কেন্দ্রীয় নেতাদের কাছে সম্মেলনের তারিখ নির্ধারণের অনুরোধ জানানো হয়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও সম্মেলনের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।
তিনি অভিযোগ করেন, এরই মধ্যে আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতা এবং মহানগর বিএনপির দায়িত্বশীল নেতাদের একটি অংশ, যাঁরা পেশায় আইনজীবী, সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমকে কেন্দ্র করে উপদলীয় কোন্দলে জড়িয়ে পড়েছেন। এতে শুধু আইনজীবী ফোরাম নয়, বিএনপির ভাবমূর্তিও ব্যাপকভাবে ক্ষুণ্ন হচ্ছে।
পদত্যাগপত্রে তিনি আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির কর্মকর্তা এবং পাবলিক প্রসিকিউটরসহ (পিপি) বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি নানাভাবে নাজেহাল ও অপদস্থ হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক।
সামছুন নূর বাঁধন জানান, সংগঠনের একটি দায়িত্বশীল পদে থেকেও তিনি গঠনমূলক কোনো ভূমিকা রাখতে পারছেন না। বরং চলমান পরিস্থিতিতে নিজেকে অসহায় মনে করছেন।
এ অবস্থায় তাঁর পদত্যাগপত্র গ্রহণ করে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামে স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং সংগঠনকে গতিশীল করতে কেন্দ্রীয় নেতৃত্বের কার্যকর পদক্ষেপ কামনা করেন তিনি।
তবে পদত্যাগ করলেও বিএনপির রাজনীতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাঁধন।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ‘ফোরামের পদ থেকে পদত্যাগ করলেও আমি জন্মলগ্ন থেকে বিএনপি পরিবারের একজন সদস্য ছিলাম এবং আমৃত্যু তা-ই থাকব।’

