দীর্ঘ আন্দোলন ও কয়েক দফা বৈঠকের পর নারায়ণগঞ্জের উৎসব ও বন্ধন পরিবহনের বাসভাড়া কমানোর সিদ্ধান্ত হয়েছে। বাস মালিকদের সঙ্গে পঞ্চম দফার বৈঠকের পর মূল ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামীকাল থেকে নতুন এ ভাড়া কার্যকর হবে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার সহসভাপতি ইউশা ইসলাম এক ভিডিওবার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, নারায়ণগঞ্জের সাতটি ক্রিয়াশীল ছাত্রসংগঠনের দীর্ঘ আন্দোলনের ফলে অযৌক্তিকভাবে বাড়ানো ৮ টাকা বাসভাড়া কমাতে তারা সক্ষম হয়েছেন। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য সপ্তাহের সাত দিন, ২৪ ঘণ্টা ৩৪ টাকা ভাড়া কার্যকর রাখার সিদ্ধান্ত হয়েছে।
দীর্ঘ এ আন্দোলনে ন্যায্য দাবির পক্ষে সরাসরি ও নৈতিকভাবে সমর্থন দেওয়ায় সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সংবাদকর্মীসহ নারায়ণগঞ্জের সর্বস্তরের নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা জানান ইউশা ইসলাম।
নতুন ভাড়া কার্যকরের সিদ্ধান্তকে শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের দীর্ঘ আন্দোলনের অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

