নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আবুল কালাম নামে পুলিশের এক কনস্টেবলের হাত-পা ভেঙে ও রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাদক কারবারিদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সূত্রে জানা যায়, পুলিশ কনস্টেবল আবুল কালামের বাড়ি মাসাবো এলাকায়। তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশের সদস্য হিসেবে চাকরি করে আসছেন।
দীর্ঘদিন ধরে নিজ গ্রাম মাসাবো এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। ছুটিতে বাড়িতে এলেই তিনি মাদকসহ অপরাধের প্রতিবাদ করতেন।
সম্প্রতি তিনি শাহাদাত ও এমদাদুল নামে স্থানীয় দুই মাদক কারবারিকে পুলিশের হাতে তুলে দেন। এরপর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন।
ঘটনার রাতে অভিযুক্ত শাহজালাল ফোনে বাসা থেকে ডেকে নিয়ে যান আবুল কালামকে। পরে তাকে উত্তর মাসাবো এলাকার একটি নির্জন বিলে নিয়ে যান। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা শাহজালাল ও তার ১০-১৫ জনের একদল কালামের ওপর অতর্কিত হামলা চালান। হামলাকারীরা তাকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন।
আবুল কালামের ডাক-চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানান, লিখিত অভিযোগ পেলে হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

