নারায়ণগঞ্জের রূপগঞ্জে গভীর রাতে পৃথক দুটি স্থানে দাঁড়িয়ে থাকা দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তিনটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত একটি বিআরটিসি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। একই রাতে হাটাবো এলাকায় পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত আরেকটি বাসেও আগুন দেওয়া হয়।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার নলপাথর ও হাটাবো এলাকায় এ দুটি ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নলপাথর এলাকার টিএম মাস্টার ফিলিং স্টেশনের মাঠে পার্ক করে রাখা একটি বিআরটিসি বাসে রাতের আঁধারে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনটি মোটরসাইকেলে করে নয়জন সেখানে আসে। আগুন দেওয়ার পর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ফিলিং স্টেশনে দায়িত্বে থাকা নৈশপ্রহরীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এর কিছু সময়ের মধ্যে হাটাবো এলাকায় পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত আরেকটি বাসেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দুটি ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মেহেদী ইসলাম জানান, দাঁড়িয়ে থাকা দুটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।
পুলিশ বলছে, ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
এদিকে একই রাতে দেশের আরও কয়েকটি এলাকায় পার্কিং করে রাখা বাসে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। ফলে রূপগঞ্জের ঘটনাগুলো বিচ্ছিন্ন নাকি একই ধরনের কোনো পরিকল্পনার অংশ, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। (Bangla Tribune)

