সোনারগাঁ উপজেলার দড়িগাঁও ও এলাহিনগর এলাকায় কথিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ব্যবসায়ী ও যুবদল নেতা গফুর সরকারকে হত্যার হুমকি দেওয়া এবং টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মিন্টু মন্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।
অভিযোগে গফুর সরকার বলেন, মিন্টু মন্ডলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, জুয়া, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন বলে অভিযোগ করেন।
লিখিত অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, গত ৮ জুলাই ব্যবসায়িক কাজে বন্দর যাওয়ার পথে এলাহিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে পৌঁছালে মিন্টু মন্ডল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে তার পথরোধ করে। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয় এবং রাজনৈতিক পরিচয় নিয়ে কটূক্তি করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তার কাছে থাকা ব্যবসার ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেন তিনি।
গফুর সরকারের দাবি, অভিযুক্তরা অতীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত থেকে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মিন্টু মন্ডলের বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে। এছাড়া অভিযোগের বিষয়ে সোনারগাঁ থানার পুলিশের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

