খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেছেন, বর্তমান রাজনীতির অন্যতম বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে নিজের পকেট ভারী করা। অধিকাংশ রাজনীতিবিদ জনগণের সেবার পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ হাসিলে ব্যস্ত থাকায় দেশের মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হচ্ছে না। তিনি বলেন, ইসলামী আদর্শের মূল শিক্ষা হলো মানুষের জন্য কাজ করা, নিজের জন্য সম্পদ গড়ে তোলা নয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত নিরাপদ কাশীপুর গড়ার প্রত্যয়ে খেলাফত মজলিসের কাশীপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ভোলাইল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবিএম সিরাজুল মামুন বলেন, “আমরা এমন মানুষ তৈরি করতে চাই, যারা নিজের পকেট ভারী করবে না, বরং মানুষের জন্য কাজ করবে। বর্তমান রাজনীতির বড় অংশের লক্ষ্য জনগণের সেবা নয়, নিজের সম্পদ বৃদ্ধি করা। অন্যথায় হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নির্বাচনে অংশ নেওয়ার কোনো কারণ থাকে না। পরে তারা তার কয়েকগুণ বেশি অর্থ আদায় করে নেয়।”
তিনি আরও বলেন, “জুলাই বিপ্লবে অনেক মানুষ রক্ত দিয়েছে। কিন্তু দুই বছর পরও সাধারণ মানুষ প্রত্যাশিত পরিবর্তন পায়নি। এর অন্যতম কারণ সুবিধাবাদী নেতৃত্ব। তাই সৎ, আদর্শবান ও ধার্মিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”
মাদক ও চাঁদাবাজি প্রসঙ্গে তিনি বলেন, “মাদক ব্যবসায়ী বা চাঁদাবাজের সংখ্যা বেশি নয়। কিন্তু প্রভাবশালী ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয়ে তারা সমাজে অপরাধ চালিয়ে যাচ্ছে। যে নেতা নিজেকে পরিশুদ্ধ করতে পারে না এবং টাকার জন্য রাজনীতি করে, সে কখনো জনগণকে কিছু দিতে পারে না।”
নারায়ণগঞ্জের হকার ইস্যু নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন, “হকার উচ্ছেদ নিয়ে অনেক আলোচনা হয়েছে, কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন হয়নি। সবাই আবার বসে গেছে। এর পেছনে কীভাবে ম্যানেজমেন্ট হয় এবং কারা জড়িত, তা আমরা জানি।”
বক্তব্যের শেষে তিনি বলেন, “বাংলাদেশকে বদলাতে হলে আগে মানুষকে বদলাতে হবে। একটি সুন্দর বাংলাদেশের জন্য প্রয়োজন সৎ ও সুন্দর মানুষ।”

