মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান, ডি এন রোডে বিশাল বিক্ষোভ ও পথসভা
তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে নারায়ণগঞ্জের উকিলপাড়া বৃহত্তর ডি এন রোড এলাকায় অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী বিশাল বিক্ষোভ মিছিল ও সচেতনতামূলক পথসভা।
শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর উকিলপাড়া বৃহত্তর ডি এন রোড, নন্দীপাড়া পঞ্চায়েত কমিটি ও স্থানীয় যুবসমাজের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জুমার নামাজ শেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে “যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করুন”, “মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই” এবং “মাদকমুক্ত সমাজ গঠনে সবাই এগিয়ে আসুন” লেখা ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
মিছিল শেষে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এতে প্রধান অতিথির বক্তব্যে ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সারোয়ারুল ইসলাম খান বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে মুক্তি পেতে পবিত্র আল কোরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। আল কোরআনের আদর্শই যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। তাই আজ থেকেই আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
শ্রমিক নেতা এরশাদ খান বলেন, “মাদক একটি সমাজ ও পরিবারকে নীরবে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে এখনই পাড়ায় পাড়ায় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”
সমাজসেবক মো. কাউছার তাঁর বক্তব্যে যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং প্রশাসনের প্রতি মাদক সিন্ডিকেট ভেঙে দেওয়ার জোর দাবি জানান।
এ ছাড়া খলিলুর রহমান, ইদ্রিস আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও যুবসমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার এই সামাজিক আন্দোলন চলমান থাকবে। মাদক কারবার ও সেবনের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে বয়কটের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
মাদকবিরোধী এই সচেতনতামূলক কর্মসূচিতে পঞ্চায়েত কমিটির সদস্যবৃন্দ, স্থানীয় মুরব্বি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক তরুণ অংশ নিয়ে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে একাত্মতা প্রকাশ করেন।

