সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ফলচক্র অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: একটি আদর্শ, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, “শিক্ষকরাই পারেন সমাজ পরিবর্তন করতে এবং তরুণ প্রজন্মকে সঠিক ও সুন্দর পথ দেখাতে।”
শনিবার (১১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের আদর্শ স্কুলে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, নারায়ণগঞ্জ পূর্ব থানার উদ্যোগে ‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও ফলচক্র ২০২৬ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবদুল জব্বার বলেন, একটি মেধাভিত্তিক, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ জাতি গঠনে শিক্ষকদের বিকল্প নেই। শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ নির্মাতা। তাদের আদর্শ, মূল্যবোধ ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।
আদর্শ শিক্ষক ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন।
বক্তারা বলেন, “আল্লাহ যার কল্যাণ চান, তাকে দ্বীনের সঠিক জ্ঞান দান করেন”। এই মহান বাণীকে ধারণ করে শিক্ষকদের এমন একটি প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হবে। তারা বলেন, শিক্ষকরা একটি জাতির মেধা, মনন ও চরিত্র গঠনের প্রধান কারিগর। বর্তমান বৈশ্বিক ও সামাজিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের বাস্তবমুখী, যুগোপযোগী ও আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
আলোচনা সভা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপস্থিত শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে ফলচক্র (ফল উৎসব) অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন মৌসুমি ফল পরিবেশনের পাশাপাশি পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে শিক্ষক সমাজের ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

