নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২৩ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসায় আবারও চুরির ঘটনা ঘটেছে। পরিচালনা কমিটির অবহেলা ও মাদ্রাসার নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার সুযোগ নিয়ে দুর্বৃত্তরা গভীর রাতে তালা ভেঙে প্রায় এক লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদ মোল্লা বাদী হয়ে বন্দর থানায় দুইজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই গভীর রাতে নাসিকের ২৩ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়ার পচার বাড়ি এলাকার মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে সুমন (৪২) এবং মাদ্রাসা সংলগ্ন এলাকার আব্দুল রাজ্জাকের ছেলে সুমন (২২)সহ অজ্ঞাতনামা আরও ৬ থেকে ৭ জন মাদ্রাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোরশেদ মোল্লা অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা মাদ্রাসার ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে একটি ৩২ ইঞ্চি মনিটর, ইলেকট্রনিক তার, দুটি বৈদ্যুতিক মিটার, প্রবেশদ্বারের একটি লোহার গ্রিল, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অফিসের দুটি টেবিল, সিসিটিভি ক্যামেরা, মাইকসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম।
মাদ্রাসার অফিস সহায়ক মো. আব্দুল মান্নান (৪২) জানান, পরদিন সকালে মাদ্রাসায় এসে তিনি বিভিন্ন কক্ষের তালা ভাঙা এবং মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি ভারপ্রাপ্ত অধ্যক্ষকে মোবাইল ফোনে অবহিত করেন। খবর পেয়ে অধ্যক্ষ ঘটনাস্থলে এসে চুরির সত্যতা নিশ্চিত হন এবং বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
মাদ্রাসা সংশ্লিষ্ট ব্যক্তি ও স্থানীয়দের অভিযোগ, পরিচালনা কমিটির খামখেয়ালি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারে উদাসীনতার কারণেই প্রতিষ্ঠানটিতে বারবার চুরির ঘটনা ঘটছে। এর আগেও একই মাদ্রাসায় চুরির ঘটনা ঘটেছিল। সে সময় থানায় অভিযোগ (নং ১৭৪৬/২৫) দায়ের করা হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় দুর্বৃত্তরা পুনরায় চুরির সাহস পেয়েছে বলে তাদের দাবি।
এ বিষয়ে বন্দর থানার পুলিশ জানায়, মাদ্রাসা কর্তৃপক্ষের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

