“নির্বাচনের আগে সবাই আসে। হাঁটুসমান ময়লা পানি পাড়ি দিয়ে আমাদের এলাকায় ঘোরে, ছবি তোলে, নানা প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোট শেষ হলেই আর কাউকে দেখা যায় না। তখন আমাদের কষ্টের খবর কেউ রাখে না।”
গতকালের ভারী বৃষ্টির পর এমন ক্ষোভের কথাই জানালেন ফতুল্লার এক বাসিন্দা।
একদিনের বৃষ্টিতেই ফতুল্লার বহু এলাকা পানির নিচে তলিয়ে যায়। শিল্পকারখানার বর্জ্যমিশ্রিত পানি, উপচে পড়া ড্রেনের নোংরা পানি এবং বৃষ্টির পানি একাকার হয়ে সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতির। অনেক সড়কে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমিক ও কর্মজীবীরা।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি হলেও স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ নেই। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধিদের এলাকায় দেখা গেলেও নির্বাচন শেষ হলে তাদের আর খুঁজে পাওয়া যায় না। ফলে জলাবদ্ধতা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার ভোগান্তি নিয়েই বছরের পর বছর বসবাস করতে হচ্ছে ফতুল্লাবাসীকে।
এলাকাবাসীর দাবি, ফতুল্লার মতো গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের জন্য আধুনিক ও কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা, নিয়মিত ড্রেন পরিষ্কার, খাল পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা হোক। তাদের ভাষায়, “আশ্বাস নয়, এবার স্থায়ী সমাধান চাই।”

