নারায়ণগঞ্জ বুলেটিন ডেস্ক: টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বৈরি আবহাওয়ার কারণে জীবনের ঝুঁকি নিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে হয়েছে শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পরবর্তী এইচএসসি ও সমমানের পরীক্ষাসমূহ স্থগিতের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশন।
রোববার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির আহ্বায়ক মৌমিতা নূর বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অনেক পরীক্ষার্থী কোমরসমান পানি অতিক্রম করে, নৌকা কিংবা ঝুঁকিপূর্ণ যানবাহনে করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে বাধ্য হয়েছে। একটি পাবলিক পরীক্ষায় অংশ নিতে গিয়ে শিক্ষার্থীদের এভাবে জীবনের ঝুঁকি নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, শিক্ষা অর্জনের অধিকার কখনোই শিক্ষার্থীদের নিরাপত্তার বিনিময়ে নিশ্চিত করা উচিত নয়। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে আগামী পরীক্ষাগুলোও একই ধরনের অনিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত রেখে নতুন সময়সূচি ঘোষণার দাবি জানান তিনি।
সংগঠনটির সদস্যসচিব তাহমিদ আনোয়ার বলেন, আজকের পরীক্ষার অভিজ্ঞতা স্পষ্টভাবে প্রমাণ করেছে যে দেশের বর্তমান আবহাওয়া ও দুর্যোগ পরিস্থিতি পরীক্ষা আয়োজনের অনুকূলে নয়। অনেক শিক্ষার্থী ও অভিভাবক চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছেন, যা তাদের নিরাপত্তা ও মানসিক সুস্থতার জন্য বড় হুমকি।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে প্রতিটি পরীক্ষার দিনই শিক্ষার্থীদের জন্য উদ্বেগ ও অনিশ্চয়তার কারণ হয়ে দাঁড়াবে। তাই শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি শিক্ষার্থীদের জীবন, নিরাপত্তা ও সমঅধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অবিলম্বে পরবর্তী এইচএসসি ও সমমানের পরীক্ষাসমূহ স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন রুটিন প্রকাশের আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ ছাত্র ফেডারেশন জানায়, শিক্ষার্থীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কোনো অবস্থাতেই পরীক্ষার নামে শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়া উচিত নয়। সংগঠনটি আশা প্রকাশ করে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত একটি মানবিক, বাস্তবসম্মত ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করবে।

