এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রীর কথিত ‘ফার্মের মুরগি’ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ যুব ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা কমিটি। সংগঠনটির কার্যকরী সদস্য রাতুল দেওয়ান এ মন্তব্যকে শিক্ষার্থীদের প্রতি অপমানজনক ও দায়িত্বজ্ঞানহীন বলে আখ্যা দিয়ে অবিলম্বে বক্তব্য প্রত্যাহার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।
সোমবার (১৪ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে রাতুল দেওয়ান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের কষ্ট ও ক্ষোভকে গুরুত্ব দেওয়ার পরিবর্তে শিক্ষামন্ত্রীর বক্তব্য তাদের মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।
তিনি দাবি করেন, ২০২৪ সালে তৎকালীন সরকারের সময়ে শিক্ষার্থীদের নিয়ে যে ধরনের অবমাননাকর মন্তব্য করা হয়েছিল, বর্তমান শিক্ষামন্ত্রীর বক্তব্যেও একই ধরনের মানসিকতার প্রতিফলন ঘটেছে। প্রশাসন ও নীতিনির্ধারণী পর্যায়ে এখনও গণবিরোধী মনোভাব রয়ে গেছে বলেও তিনি অভিযোগ করেন।
রাতুল দেওয়ান আরও বলেন, দুর্যোগের মধ্যে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে। এ অবস্থায় একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে সহমর্মিতাপূর্ণ আচরণ প্রত্যাশিত ছিল। কিন্তু তার পরিবর্তে অবমাননাকর মন্তব্য শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন নাগরিকদের হতাশ করেছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি অবিলম্বে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পাশাপাশি চলমান দুর্যোগ বিবেচনায় শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যঝুঁকি ও শিক্ষাজীবনের স্বার্থে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বাস্তবসম্মত ও যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

