নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকায় অবস্থিত অভিজাত রেস্টুরেন্ট ব্লু পিয়ার-এ তেলাপোকার বিচরণ, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং অপরিচ্ছন্ন পরিবেশের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৫ জুলাই) দুপুরে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে পরিচালিত অভিযানে এসব অনিয়ম ধরা পড়ে। অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে নগদ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এ সময় কৃষি বিপণন অধিদপ্তরের বাজার কর্মকর্তা এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে দেখা যায়, রেস্টুরেন্টটির রান্নাঘরে তেলাপোকার বিচরণ রয়েছে, পেস্ট কন্ট্রোলের কোনো কার্যকর ব্যবস্থা নেই, ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ করা হয়েছে এবং সামগ্রিক পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন।
সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক বলেন, জনস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ব্লু পিয়ার রেস্টুরেন্টে একাধিক স্বাস্থ্যবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, রেস্টুরেন্টটির ম্যানেজার জাকির হোসেন অভিযানে পাওয়া অনিয়মের বিষয়টি স্বীকার করেন। তিনি জানান, ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে সাত দিনের সময় চাওয়া হয়েছে এবং ওই সময়ের মধ্যে সব ধরনের ত্রুটি সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জেলার বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট ও খাদ্য প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান এবং তদারকি অব্যাহত থাকবে।

