নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) আওতায় এনায়েতনগর ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে ফতুল্লা থানার চারটি ইউনিয়নকে খণ্ডিতভাবে নয়, একযোগে নাসিকের আওতায় আনার দাবি জানানো হয়েছে।
বুধবার (১৫ জুলাই) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) কাফি বিন কবির।
স্মারকলিপিতে এনায়েতনগর ইউনিয়নের কয়েকশ বাসিন্দার স্বাক্ষর সংযুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম জীবন, বিএনপি নেতা হাজী শহিদুল হক শহীদ, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান, গাবতলী সোসাইটির সাধারণ সম্পাদক কাজী এনামুল ফেরদৌস মনা, কামরুল ইসলাম মুহুরী, বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহম্মেদ, আলী সরদার, অ্যাডভোকেট বশির সরকার, জয়নাল আবেদীনসহ বিভিন্ন ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিরা।
স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রফিকুল ইসলাম জীবন। তিনি বলেন, ফতুল্লা থানার চারটি ইউনিয়ন দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল হলেও পরিকল্পিত নগর উন্নয়ন থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত। হাজার হাজার শিল্প-কারখানা থাকা সত্ত্বেও এলাকায় সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন ও অন্যান্য নাগরিক সেবায় রয়েছে চরম ঘাটতি।
তিনি আরও বলেন, বন্দর ও সিদ্ধিরগঞ্জ অনেক আগেই সিটি করপোরেশনের আওতায় এলেও শিল্পসমৃদ্ধ ফতুল্লাকে এখনও বাইরে রাখা হয়েছে। এতে এখানকার মানুষ কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
বর্তমান সীমানা সম্প্রসারণ প্রক্রিয়ার সমালোচনা করে তিনি বলেন, শুধুমাত্র কুতুবপুর ইউনিয়নকে সম্পূর্ণ এবং ফতুল্লার অন্য তিনটি ইউনিয়নের আংশিক অংশ নাসিকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বৈষম্যমূলক। তাই খণ্ডিতভাবে নয়, ফতুল্লার চারটি ইউনিয়নকে একযোগে সিটি করপোরেশনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ সময় হাজী শহিদুল হক শহীদ, সিদ্দিকুর রহমান, কামরুল ইসলাম মুহুরীসহ অন্যান্য বক্তারা বলেন, চারটি ইউনিয়ন একসঙ্গে নাসিকের আওতায় এলে পরিকল্পিত নগরায়ণ, আধুনিক নাগরিক সুবিধা এবং সুষম উন্নয়ন নিশ্চিত হবে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, এনায়েতনগরসহ ফতুল্লা অঞ্চলের বিস্তীর্ণ শিল্পাঞ্চল দীর্ঘদিন ধরে সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানি, জলাবদ্ধতা নিরসনসহ মৌলিক নাগরিক সেবার ক্ষেত্রে অবহেলার শিকার। তাই জনস্বার্থে এনায়েতনগরসহ ফতুল্লার চারটি ইউনিয়নকে দ্রুত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় অন্তর্ভুক্ত করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

