নারায়ণগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল, শহীদদের স্মরণে সনদ বাস্তবায়নের দাবি
নারায়ণগঞ্জ বুলেটিন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে কেন্দ্র ঘোষিত জুলাই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর আলহাজ মুমিনুল হক সরকার। সভায় সভাপতিত্ব করেন জেলা তারবিয়াত সেক্রেটারি প্রিন্সিপ্যাল মাসুদুর রহমান গিয়াস।
প্রধান অতিথির বক্তব্যে মুমিনুল হক সরকার বলেন, “জুলাই শহীদদের রক্তের দাবিতে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।” তিনি অভিযোগ করে বলেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচনে দেশের প্রায় ৬৯ শতাংশ মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছেন। কিন্তু সরকার তা বাস্তবায়ন না করে নানা টালবাহানা করছে। তাই অবিলম্বে সব ধরনের বিলম্ব পরিহার করে জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় মূল আলোচনা উপস্থাপন করেন জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইলিয়াছ মোল্লা।
এ সময় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আব্দুল বাকী, জেলা বায়তুলমাল সেক্রেটারি ও জেলা শূরা সদস্য এবং ফতুল্লা উত্তর থানা সেক্রেটারি এইচ এম এনামুল হক।
অনুষ্ঠানের শেষে জুলাই শহীদদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন জেলা কর্মপরিষদ সদস্য মুফতী জাহাঙ্গীর আলম।

