নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা এবং দেশীয় কুটিরশিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য সাধারণ মানুষের কাছে তুলে ধরার লক্ষ্যে নারায়ণগঞ্জে দিনব্যাপী উদ্যোক্তা মেলার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ জেলা মহিলা বিভাগ।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মুক্তিণগর মাদরাসাতুল মাদিনায় এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় দেশীয় কুটিরশিল্প, হস্তশিল্প, পোশাক, গৃহসজ্জার সামগ্রী, খাদ্যপণ্যসহ নারী উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণ এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আয়োজকরা জানান, দেশের অর্থনীতিতে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের উৎপাদিত মানসম্মত পণ্য ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া এবং নতুন বাজার সৃষ্টি করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে পরিবার-পরিজন নিয়ে মেলায় অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মেলাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি নারী ও তরুণ উদ্যোক্তাদের মধ্যেও মেলাকে কেন্দ্র করে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। আয়োজকদের প্রত্যাশা, এ আয়োজন স্থানীয় উদ্যোক্তাদের পণ্যের প্রচার ও বিক্রির পাশাপাশি আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

