: শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ছাড়া জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা দ্বীন ইসলাম।
শুক্রবার (২৪ জুলাই) জেলা পরিষদ ডাকবাংলো অডিটোরিয়ামে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা আয়োজিত ‘দ্রোহ ও জাগরণের জুলাই: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও জুলাই আন্দোলনের আহত ও শহীদদের স্মরণে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা সভাপতি এম. মাসুম বিল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা দ্বীন ইসলাম বলেন, একজন শিক্ষার্থী দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মেধা বিকাশের পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। ১৯৪৭, ১৯৭১ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও শিক্ষার্থীরা জীবন উৎসর্গের মাধ্যমে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা রেখেছে। তিনি বলেন, “শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না।”
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ছাত্রনেতা সাইফুল ইসলাম। তিনি বলেন, জুলাই আন্দোলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ভবিষ্যতেও দেশ, জাতি ও মানবতার কল্যাণে সংগঠনের জনশক্তিকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে এম. মাসুম বিল্লাহ বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও আদর্শে গড়ে তুলে ইসলামপ্রেমী এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের যাত্রা শুরু। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক বিকাশে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানা সভাপতি মুহাম্মাদ শফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফতুল্লা থানার সাবেক সভাপতি মুহাম্মাদ মামুনুর রশীদ, মাওলানা আব্দুর রশিদ, আব্দুল হান্নান, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব সারফারাজ হক সজিব এবং বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ফতুল্লা থানা সেক্রেটারি আবু হুরায়রা।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনের আহত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

