নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে সড়ক পারাপারের সময় পথচারী নিহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখা। একই সঙ্গে দুর্ঘটনাপ্রবণ ওই স্থানে অনতিবিলম্বে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ এবং নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (২৬ জুলাই) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক ইয়াছিন আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সংগঠনের জেলা সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম বলেন, ফতুল্লা স্টেডিয়াম এলাকায় দীর্ঘদিন ধরে একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পারাপার করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
তারা আরও বলেন, একই স্থানে সড়ক পারাপারের সময় আবুল হোসেন নামে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ মর্মান্তিক ঘটনা প্রমাণ করে, নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করতে আর বিলম্বের সুযোগ নেই।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে ফতুল্লা স্টেডিয়াম এলাকায় একটি ফুট ওভারব্রিজ নির্মাণ, পথচারীদের নিরাপদ পারাপারের ব্যবস্থা নিশ্চিত করা এবং নিহত আবুল হোসেনের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

