নারায়ণগঞ্জে বিশ্ববিদ্যালয়ছাত্র ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় অনিক, আকাশ ও চান্ডি বাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত
নারায়ণগঞ্জে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় তিন আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অনিক, আকাশ ও চান্ডি বাবু।
মামলার বিবরণ থেকে জানা যায়, মো. ওয়াজেদ সীমান্ত রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী ছিলেন।
২০২৪ সালের ১২ ডিসেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় মিন্নত আলী শাহ সাহেবের মাজারের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন সীমান্ত। এ সময় তাকে ছুরিকাঘাত করে মোবাইল ফোন ও ১ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
গুরুতর আহত অবস্থায় সীমান্তকে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত সীমান্তের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্তে অনিক, আকাশ ও চান্ডি বাবুকে আসামি করা হয়।
আদালত সূত্র জানায়, মামলায় মোট ২৭ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত তিন আসামিকেই মৃত্যুদণ্ডের রায় দেন।
রায় ঘোষণার পর সন্তোষ প্রকাশ করেছেন নিহত ওয়াজেদ সীমান্তের পরিবার ও স্থানীয়রা। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর এ রায়ে সীমান্ত হত্যার বিচার পাওয়ার আশা পূরণ হয়েছে বলে জানিয়েছেন তারা।
সীমান্ত হত্যার ঘটনাটি ২০২৪ সালে নারায়ণগঞ্জে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। ঘটনার পর শহরকে ছিনতাইমুক্ত করার দাবিতে এলাকাবাসী ও পরিবারের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিও অনুষ্ঠিত হয়। (prothomalo.com)

