নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের একটি কেবিন থেকে রোগীর স্বর্ণালংকার, আইফোন ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। ব্যাগসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছে ভুক্তভোগী পরিবার।
গত ১৮ আগস্ট সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে হাসপাতালের ৫৫৫ নম্বর কেবিনে এ ঘটনা ঘটে। ওই কেবিনে চিকিৎসাধীন ছিলেন নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ মাসদাইর এলাকার জাকিয়া ইসলাম রিহা (২১), পিতা মীর জাকারিয়া।
পরিবারের অভিযোগ, কেবিনে রাখা একটি ব্যাগে আইফোন ১৭ প্রো ম্যাক্স, প্রায় ৫.৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকা ছিল। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ব্যাগটি নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যায়। পরে ব্যাগসহ মূল্যবান মালামাল খোয়া যাওয়ার বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে।
ঘটনার পর বিষয়টি জানিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরকে শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবারের ধারণা, এ ঘটনায় হাসপাতালের ভেতরের কেউ অথবা হাসপাতালকে ঘিরে সক্রিয় কোনো চক্র জড়িত থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব বলে মনে করছে পরিবার।
ভুক্তভোগী পরিবারের দাবি, রোগীর কেবিনের নিরাপত্তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতালের মতো একটি প্রতিষ্ঠানে রোগী ও স্বজনদের মূল্যবান মালামালের নিরাপত্তা নিশ্চিত করা কর্তৃপক্ষের দায়িত্ব। এ ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্য রোগীর স্বজনরাও।
পরিবারের পক্ষ থেকে চুরি যাওয়া মালামাল দ্রুত উদ্ধার এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

