নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সালেহনগরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বন্দর থানা শাখার আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম বুলবুলকে সশস্ত্র হামলায় কুপিয়ে হত্যার ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নারায়ণগঞ্জ জেলা শাখা।
গত ২০ আগস্ট রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এনসিপির দাবি, নিহত বুলবুল বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের একজন সাহসী যোদ্ধা এবং একটি গুরুত্বপূর্ণ মামলার প্রধান বাদী ছিলেন।
দলটির অভিযোগ, মামলা তুলে না নেওয়াকে কেন্দ্র করে পূর্ববিরোধের জের ধরে এজাহারভুক্ত আসামি শেখ সিফাত ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে বুলবুলকে হত্যা করেছে। তবে এসব অভিযোগের সত্যতা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানিয়েছে এনসিপি।
এদিকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের পক্ষ থেকেও এ হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানানো হয়েছে।
এনসিপি অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে নিহতের পরিবার ও মামলার সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।

