নারায়ণগঞ্জে রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ৩৬তম ইনস্টলেশন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, রোটারির মতো সামাজিক ও আন্তর্জাতিক সংগঠন একজন মানুষের আত্মউন্নয়ন, নেতৃত্বগুণ ও পেশাগত দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোহাম্মদ হাতেম বলেন, এ ধরনের সংগঠনের সঙ্গে যুক্ত হলে একজন মানুষের মধ্যে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি হয়। পাশাপাশি আত্মউন্নয়ন, নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা ও নেটওয়ার্কিং সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়, যা পরবর্তী সময়ে পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, কর্মজীবনে প্রবেশের আগে তিনিও আন্তর্জাতিক যুব সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) সঙ্গে যুক্ত ছিলেন। সেই সংগঠনের সঙ্গে কাজ করার মাধ্যমে তিনি নেতৃত্ব, ব্যক্তিত্ব বিকাশ, যোগাযোগ ও নেটওয়ার্কিংসহ বিভিন্ন বিষয়ে অনেক কিছু শিখেছেন। পরবর্তীতে কর্মজীবনে এসব অভিজ্ঞতা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে।
মোহাম্মদ হাতেম বলেন, শুধু পেশাগত জীবনে সফল হওয়ার জন্য নয়, একজন ভালো মানুষ ও দক্ষ নেতা হিসেবে নিজেকে গড়ে তুলতেও সামাজিক ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে যুক্ত থাকা প্রয়োজন। এসব সংগঠনে কাজ করার মাধ্যমে মানুষের সঙ্গে কাজ করার দক্ষতা, দায়িত্বশীলতা এবং নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়।
তিনি তরুণ প্রজন্মসহ উপস্থিত সবাইকে রোটারি ও এ ধরনের সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সংগঠনভিত্তিক সামাজিক কর্মকাণ্ড মানুষের ব্যক্তিত্ব ও নেতৃত্বের বিকাশ ঘটায়। একই সঙ্গে তৈরি হয় একটি শক্তিশালী পেশাগত ও সামাজিক নেটওয়ার্ক, যা ভবিষ্যৎ কর্মজীবনে অনেক বড় সহায়তা করতে পারে।
রোটারি ক্লাব অব নারায়ণগঞ্জ মিডটাউনের ৩৬তম ইনস্টলেশন অনুষ্ঠানে ক্লাবের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রোটারিয়ান, ব্যবসায়ী, পেশাজীবী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

