দেশের পোশাকশিল্পের চলমান সংকট, বিশেষ করে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ, ব্যাংকিং খাতের সমস্যা এবং ব্যবসা বাণিজ্যের বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়ে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এর প্রতিনিধি দল।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টায় ঢাকার বসুন্ধরায় আমীরে জামায়াতের কার্যালয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমের নেতৃত্বে প্রতিনিধি দলটি এ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে অংশ নেয়।
আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে দেশের পোশাকশিল্পের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় শিল্প খাতে চলমান বিদ্যুৎ ও গ্যাসসহ জ্বালানি সংকট, ব্যাংকিং খাতের বিভিন্ন সমস্যা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।
বৈঠকে ব্যবসায়ী নেতৃবৃন্দ শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁদের মতামত ও উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা, শিল্প প্রতিষ্ঠানে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং ব্যাংকিং খাতের বিদ্যমান জটিলতা নিরসনের ওপর গুরুত্বারোপ করা হয়।
ব্যবসায়ী নেতাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। দেশের অর্থনীতি ও কর্মসংস্থানে পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে তিনি শিল্প খাতের বিদ্যমান সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
বৈঠকে বিকেএমইএ’র সিনিয়র সহসভাপতি অমল পোদ্দার, পরিচালক ও সাবেক নির্বাহী সভাপতি মনসুর আহমেদ, পরিচালক মো. জামাল উদ্দিন, পরিচালক মো. সালাউদ্দিন আহমেদ শামীম এবং পরিচালক মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া আইবিডব্লিউএফের মহাসচিব ডা. আনোয়ারুল আজিম এবং বিজিএমইএ’র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্প খাতের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

