নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই কলেজ শিক্ষার্থীসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার দাউদপুর ইউনিয়নের পলখান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন পলখান এলাকার বাবুল মিয়ার ছেলে আলতাফ হোসেন (১৯), সিফাত হোসেন (২৩) এবং তাদের হামলা থেকে রক্ষা করতে গিয়ে আহত সাত্তার আলী (২৪)। আহতদের প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আলতাফ হোসেনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পলখান এলাকার বাবুল মিয়ার সঙ্গে একই এলাকার শাহীন আকন্দের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শনিবার রাতে শাহীন আকন্দ, তুহিন, নাঈম, আলামীনসহ ১৫ থেকে ১৬ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে বাবুল মিয়াকে খুঁজতে পলখান বাজারে যায়।
এ সময় বাবুল মিয়াকে না পেয়ে একটি দোকানে বসে থাকা তার দুই ছেলে আলতাফ হোসেন ও সিফাত হোসেনের ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর আহত করে।
তাদের রক্ষা করতে এগিয়ে গেলে সাত্তার আলীকেও কুপিয়ে জখম করা হয়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আলতাফ হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বলেন, এ ঘটনায় বাবুল মিয়া বাদী হয়ে শাহীন আকন্দসহ নয়জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

