ডেস্ক রিপোর্ট: দেশের সব জেলা পরিষদের স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে সরকার। টেকসই জ্বালানি ব্যবহার, বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি স্থাপনাগুলোর বিদ্যুৎ ব্যয় কমানোর লক্ষ্যে আগামী ৩১ জানুয়ারি ২০২৭ সালের মধ্যে এ কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের জেলা পরিষদ শাখা থেকে গত ১৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়। বিদ্যুৎ বিভাগের গত ১ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে জারি করা চিঠিটি দেশের সব জেলা পরিষদের প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জেলা ও উপজেলা পর্যায়ের সব দাপ্তরিক মূল ভবন এবং জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন স্থাপনায় ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করতে হবে। এর আওতায় জেলা পরিষদ ভবন, অডিটোরিয়াম, ডাকবাংলো, হাটবাজারসহ অন্যান্য ভবন রয়েছে।
প্রতিটি স্থাপনায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপসহ সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি এবং রাজস্ব তহবিলের অর্থ ব্যয় করা যাবে।
সরকারের নির্দেশনায় আরও বলা হয়েছে, সৌরবিদ্যুতের মাধ্যমে সংশ্লিষ্ট স্থাপনার নিজস্ব বিদ্যুৎ চাহিদা পূরণের পর যে বিদ্যুৎ উদ্বৃত্ত থাকবে, তা নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করতে হবে।
নেট মিটারিং নির্দেশিকা ২০২৫ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা বিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে প্রাপ্য হবে। ফলে একদিকে জেলা পরিষদগুলোর নিজস্ব বিদ্যুৎ ব্যয় কমবে, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে অতিরিক্ত রাজস্ব আয়ের সুযোগ তৈরি হবে।
নির্দেশনায় আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ জেলা পরিষদগুলোকে নিজস্ব রাজস্ব ও এডিপির অর্থায়নে সৌরবিদ্যুৎ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বাণিজ্যিকভাবে এ ব্যবস্থার সম্প্রসারণে উদ্যোগ নিতে বলা হয়েছে।
অন্যদিকে, আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ নয় এমন জেলা পরিষদগুলো বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানের তালিকাভুক্ত কোম্পানির আর্থিক ও কারিগরি সহায়তায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি বাস্তবায়ন গাইডলাইন অনুযায়ী কার্যক্রম বাস্তবায়ন করবে।
এ ছাড়া সৌর প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে পরবর্তী ২০ বছরের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। এতে স্থাপিত সৌরবিদ্যুৎ ব্যবস্থার দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা নিশ্চিত করার সুযোগ থাকবে।
সরকারের নির্দেশনায় নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ৩১ জানুয়ারি ২০২৭ সালের মধ্যে সব জেলা পরিষদের আওতাধীন নির্ধারিত স্থাপনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কাজ শেষ করতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে সরকারি স্থাপনায় প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়বে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয় ও উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মাধ্যমে জেলা পরিষদগুলোর নিজস্ব রাজস্ব আয়ের নতুন একটি ক্ষেত্র তৈরি হতে পারে।

