ডেস্ক রিপোর্ট, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য, মাদক কারবারি, মাদকসেবী ও পরোয়ানাভুক্ত আসামিসহ ৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলার বিভিন্ন এলাকায় সাতটি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
জেলা পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সোনারগাঁও থানা পুলিশ ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি, এক মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ছয় আসামিসহ মোট নয়জনকে গ্রেপ্তার করে।
নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৩ দশমিক ৩ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারি, এক মাদকসেবী ও পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৬ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।
এদিকে রূপগঞ্জ থানা পুলিশ দুই মাদকসেবী, এক পরোয়ানাভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের তিন সদস্যসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করে। বন্দর থানা পুলিশ দুই মাদকসেবী, দুই পরোয়ানাভুক্ত আসামি ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের এক সদস্যসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।
এছাড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের আরও একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

