জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫৫ টাকা থেকে ৬০ টাকা নির্ধারণের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।
সোমবার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় এমনিতেই বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে গণপরিবহনের ভাড়া বাড়ানো হলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো পক্ষের সঙ্গে আলোচনা ছাড়াই ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধি এবং শিক্ষার্থীদের হাফ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার নেতৃবৃন্দ এ সিদ্ধান্তকে অযৌক্তিক ও গণবিরোধী বলে উল্লেখ করেন।
সংগঠনটির পক্ষ থেকে অবিলম্বে বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক পক্ষগুলোকে বৈঠকের মাধ্যমে জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধিজনিত সমস্যার কার্যকর সমাধানে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়।
এ ছাড়া ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে শহরের রাজনৈতিক, প্রগতিশীল দল ও ছাত্র সংগঠনগুলোর প্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে অবস্থান জানানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ কলেজ শাখা।
প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের সদস্য সচিব তাহমিদ আনোয়ারের নাম উল্লেখ করা হয়েছে।

