নারায়ণগঞ্জে তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, লোডশেডিং, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ঢাকা নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিক বাসভাড়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী যুব মজলিস।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পাশাপাশি বিভিন্ন এলাকায় গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিং ও ভুতুড়ে বিল নিয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
বক্তারা ঢাকা নারায়ণগঞ্জ রুটে বাসমালিকদের অযৌক্তিক ভাড়া নির্ধারণ, শিক্ষার্থীদের হাফ পাস নিয়ে তামাশা, ফুটপাত দখল এবং কিশোরগ্যাংয়ের তাণ্ডবেরও প্রতিবাদ জানান। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা।
ইসলামী যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডা. মোতাহার হুসাইনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ।
জেলা সভাপতি রিফাত আহমদ সাজিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি আহমদ যোবায়ের তানভীর, মহানগর সহসভাপতি মুহাম্মদ সালাহউদ্দিন, সাধারণ সম্পাদক সামসুর রহমান, জেলা সহসাধারণ সম্পাদক হাফেজ শরীফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার, খেলাফত মজলিসের ফতুল্লা থানা সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম, সদর থানা সহসাধারণ সম্পাদক মারুফুল ইসলাম পাটওয়ারী, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, ইসলামী যুব মজলিসের সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ফতুল্লা থানা সভাপতি আয়ান আরিজ শিপন, সহসভাপতি মুফতী সাঈদ আল মাহবুবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

