শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণ ও বিচারের দাবিতে টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রা
শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণ ও হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির পদযাত্রা আগামী ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের চাষাড়ায় পৌঁছাবে।
টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হেঁটে পথ পাড়ি দেওয়ার লক্ষ্য নিয়ে আয়োজিত এ কর্মসূচি ইতোমধ্যে দেশজুড়ে আলোচনার সৃষ্টি করেছে। আয়োজকদের ঘোষিত দাবির মধ্যে রয়েছে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং গণভোট ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা।
ইনকিলাব মঞ্চের রোডম্যাপ সমন্বয়কারী জি. এ. সাব্বিরের বরাতে সংগঠনটির নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি তারিক হোসেন বাপ্পি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর পদযাত্রাটি নারায়ণগঞ্জের চাষাড়ায় প্রবেশ করবে।
কর্মসূচিকে ঘিরে স্থানীয় ছাত্রসমাজ, তরুণ ও সাধারণ মানুষের মধ্যে সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে সংগঠনটি। ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ঘোষিত দাবিগুলোর পক্ষে জনমত গড়ে তুলতে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ।
আয়োজকদের মতে, এই পদযাত্রার মূল লক্ষ্য ন্যায়বিচারের দাবি দেশজুড়ে ছড়িয়ে দেওয়া এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জনসম্পৃক্ততা বাড়ানো।

