চট্টগ্রাম শিশুসাহিত্য উৎসবে অংশ নিচ্ছেন নারায়ণগঞ্জের দুই খ্যাতিমান ছড়াকার সাব্বির আহমেদ সেন্টু ও নজরুল ইসলাম শান্তু। আগামী ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুই দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জের এই দুই ছড়াসাহিত্যিক।
উৎসবের প্রথম দিন ৩০ অক্টোবর শুক্রবার সকাল পৌনে ১০টায় বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করবেন ১৫ জন কৃতিমান লেখক ও সাহিত্যিক। তাঁদের মধ্যে রয়েছেন হরিশংকর জলদাস, সুজন বড়ুয়া, মারুফুল ইসলাম, রহীম শাহ, আনজীর লিটন, সুরেশরঞ্জন বসাক, রবিউল আলম, বিশ্বজিৎ চৌধুরী, ঝর্না রহমান, রফিকুর রশীদ, মুহাম্মদ শামসুল হক, তপন বাগচী, জি এইচ হাবীব ও ফারসীম মান্নান মোহাম্মদীসহ বিশিষ্টজনেরা।
সকাল ১০টায় অনুষ্ঠিত হবে গ্রন্থসুহৃদ সম্মাননা প্রদান অনুষ্ঠান। এতে মুহাম্মদ মুজিবুর রহমানকে সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ড. আনোয়ারা আলম এবং সূচনা বক্তব্য দেবেন শিশুসাহিত্যিক রাশেদ রউফ। সকাল ১১টায় শিশুসাহিত্যের দুই অভিযাত্রী আখতার হুসেন ও আমীরুল ইসলামের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা হবে।
বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে ছড়া ও কবিতা পাঠের আসর। বিকেল ৫টায় জসিম মেহবুবের সভাপতিত্বে একুশে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিশুসাহিত্যিক আনজীর লিটন। সন্ধ্যা পৌনে ৮টায় ‘প্রান্তিক জনপদে শিশুসাহিত্য’ শীর্ষক আলোচনা ও পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হাসনাত আমজাদ। এতে অতিথি হিসেবে থাকবেন ড. তপন বাগচী।
উৎসবের দ্বিতীয় দিন ৩১ অক্টোবর দিনব্যাপী বিভিন্ন সাহিত্যবিষয়ক আয়োজন অনুষ্ঠিত হবে। রাত ৯টায় সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ আয়োজনের পর্দা নামবে। সমাপনী অনুষ্ঠান পরিচালনা করবেন মৃণালিনী চক্রবর্তী। এতে অংশ নেবেন রোকেয়া হক, সালাউদ্দিন শাহরিয়ার, মুহাম্মদ মহসীন চৌধুরী, প্রীতিশ রঞ্জন বড়ুয়া, পিংকু দাশ, কুমুদিনী কলিসহ বিশিষ্ট সাহিত্যিকেরা।
চট্টগ্রামের এ শিশুসাহিত্য উৎসবে নারায়ণগঞ্জের দুই ছড়াকার সাব্বির আহমেদ সেন্টু ও নজরুল ইসলাম শান্তুর অংশগ্রহণের মধ্য দিয়ে স্থানীয় শিশুসাহিত্যচর্চা ও সৃজনশীল সাহিত্যাঙ্গনের প্রতিনিধিত্ব আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

