মাসদাইরে রাজনৈতিক নেতাদের আধিপত্য ও পরিচিতি থাকলেও নিরাপত্তা নিয়ে প্রশ্ন, পাকাপুলে ফিল্মি কায়দায় অটোরিকশা আটকে ছিনতাই
নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর এলাকা রাজনৈতিক অঙ্গনে বেশ পরিচিত। স্থানীয় রাজনীতি থেকে শুরু করে জেলা ও জাতীয় পর্যায়ের নেতৃত্ব—বিভিন্ন সময়ে এই এলাকা থেকে উঠে এসেছেন অসংখ্য রাজনৈতিক নেতা। বর্তমানে এই এলাকায় বসবাস করছেন বিভিন্ন রাজনৈতিক দলের পরিচিত নেতা, জনপ্রতিনিধি ও আগামী দিনের সম্ভাবনাময় নেতৃত্ব। অথচ এমন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বদের এলাকায় প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে মাসদাইরের পাকাপুল এলাকায় অনেকটা ফিল্মি কায়দায় একটি অটোরিকশার গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। একদল ছিনতাইকারী অটোরিকশাটি আটকে রেখে ছিনতাই করে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মাসদাইর এলাকার রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত ব্যক্তিদের একজন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবেও তিনি আলোচনায় ছিলেন।
এ ছাড়া এনায়েতনগর ইউনিয়ন পরিষদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান প্রধানের বাড়িও মাসদাইর এলাকায়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক যুবাইর সরদারও মাসদাইরের বেকারির মোড় এলাকার বাসিন্দা।
এত পরিচিত রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিত্বের বসবাসের পরও এলাকায় ছিনতাইয়ের মতো অপরাধ সংঘটিত হওয়ায় জননিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। তাদের প্রশ্ন, রাজনৈতিকভাবে এত গুরুত্বপূর্ণ একটি এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না কেন?
স্থানীয়দের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের বাইরে গিয়ে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ভূমিকা রাখবেন।
বড় নেতাদের এলাকায় যদি সাধারণ মানুষ নিরাপদ না থাকে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব নেবে কে?

