জাতীয় যুব দিবস উপলক্ষে ঢাকায় অনুষ্ঠিত জাতীয় যুব সম্মেলন ২০২৬-এ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় যুবশক্তির উদ্যোগে বিশাল শোডাউন ও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে সম্মেলনে নারায়ণগঞ্জের শক্তিশালী উপস্থিতি জানান দেয় সংগঠনটি।
রবিবার (১ নভেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় যুবশক্তির উদ্যোগে দ্বিতীয়বারের মতো আয়োজিত হয় ‘জাতীয় যুব সম্মেলন ২০২৬’। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘রাষ্ট্র পুনর্গঠনে তারুণ্যের হিস্যা’।
নারায়ণগঞ্জ মহানগর যুবশক্তির আহ্বায়ক রাইসুল ইসলাম, সদস্য সচিব মাহবুবুর রহমান শান্ত ও মুখ্য সংগঠক আদনান তাহসানের নেতৃত্বে মহানগরের নেতাকর্মীরা সম্মেলনে অংশ নেন।
অন্যদিকে, জেলা যুবশক্তির আহ্বায়ক জাহিদুল হক বাঁধন, সদস্য সচিব ইমন মালুম ও মুখ্য সংগঠক নুরুজ্জামাল হাসানের নেতৃত্বে জেলা পর্যায়ের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেন। এ সময় সংগঠনের আরও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।
সম্মেলনে রাষ্ট্র পুনর্গঠন, তরুণদের রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ এবং রাষ্ট্র পরিচালনায় যুবসমাজের কার্যকর ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়।

