নারায়ণগঞ্জের ফতুল্লায় মধ্য রাতে গ্যারেজে পার্কিং করা অবস্থায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে চলাচলকারী আনন্দ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আগুনে বাসটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন আলিফ গ্যারেজে পার্কিং করে রাখা আনন্দ পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ঢাকা মেট্রো ব ১১-৪০৩৮।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আলিফ গ্যারেজে আনন্দ পরিবহনের বাসটি পার্কিং করে চালক ও হেলপার চলে যান। রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়। তখন গ্যারেজের কর্মচারী সানিসহ অন্যান্য লোকজন বিষয়টি দেখে নিজেরাই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় ১০-১২ মিনিটের মধ্যে তারা আগুন নেভাতে সক্ষম হন। তবে বাসের ভেতরে কেউ না থাকায় এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাসটির আনুমানিক ১৫-২০টি সিট ও জানালা পুড়ে গেছে।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলম সময় সংবাদকে বলেন, বিষয়টি সন্দেহজনক। বাসে আগুনের খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়েছিল। তবে কোনো দুর্বৃত্তরা আগুন দিয়েছে এমন ধরনের তথ্য আমরা পাইনি।
ওসি আরও বলেন, এর কয়েক মাস আগেও একই স্থানে একই মালিকের আনন্দ পরিবহনের বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। গত রাতেও আরও ৪/৫টি বাস পার্কিং করা ছিল। অন্য কোনো বাসে আগুন দিল না, তার বাসেই আবারও আগুন দেয়া হলো। এতে বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সন্দেহ সৃষ্টি হয়েছে। ঘটনাটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে কিনা আমরা তদন্ত করছি। তদন্তে যদি মালিকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তবে তাকে ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, বিষয়টি আমরা শুনেছি। এর আগেও কয়েক মাস আগে একই পরিবহনের বাসে এ ঘটনা ঘটেছিল। এটা পরিকল্পিত কিনা তা আমরা খতিয়ে দেখছি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

