৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে সড়ক অবরোধ, টিয়ারশেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়া
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় তৈরি পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে শ্রমিকদের অবরোধকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পৌনে ৩টা থেকে শ্রমিকরা লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করছিলেন। এতে সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল সোয়া ৪টার দিকে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় শ্রমিকদের সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা যায়।
পুলিশ শ্রমিকদের নারায়ণগঞ্জের দিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, যাতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উঠতে না পারেন।
এদিকে, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনাও তৈরি হয়েছে। এর আগে দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের পাশে ফতুল্লা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।
শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্র করছেন, এমন অভিযোগ তুলে দুপুরে মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা আওয়ামী লীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, সোমবারও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে একই সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে বিকাল ৫টার দিকে অবরোধ তুলে নেন তারা।
মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি শান্ত থাকলেও বিকালে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

