চলমান শ্রমিক আন্দোলন সরকারকে বেকায়দায় ফেলা কিংবা অস্থিতিশীল করার উদ্দেশ্যে করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
সরকারের নীতিনির্ধারক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যবসায়ীদের বৈঠকে শ্রমিক আন্দোলনের নামে শিল্পকারখানায় অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়টি আলোচনায় এসেছে।
মোহাম্মদ হাতেম বলেন, জনগণের ভোগান্তি সৃষ্টি ও কারখানার ক্ষতি করার উদ্দেশ্যে এই আন্দোলন করা হচ্ছে। সরকারকে বেকায়দায় ফেলতেই এসব করা হচ্ছে। শ্রমিকদের মজুরি নির্ধারণে বোর্ড গঠন করা হয়েছে, যেখানে শ্রমিকদের প্রতিনিধিও রয়েছেন। আলোচনার টেবিলে বসেই সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হবে।
আন্দোলনের পেছনে কারও উসকানি থাকলে তা খতিয়ে দেখতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বিকেএমইএ সভাপতি আরও বলেন, এক দিনের উৎপাদন বন্ধ থাকলেও মোট রপ্তানির প্রায় এক-তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত হতে পারে। উৎপাদন ব্যাহত হলে ক্রেতারা সময়মতো পণ্য পাওয়া নিয়ে উদ্বিগ্ন হবেন এবং দীর্ঘমেয়াদে তাদের আস্থা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

