সিঙ্গাপুর থেকে জাপানে সোনা চোরাচালানের চেষ্টার অভিযোগে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজর আলীকে গ্রেপ্তার করেছে জাপানের হুনমা প্রিফেকচার পুলিশ।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ফজর আলীসহ গুনমার ওতা শহরের দুই বাসিন্দাকে গ্রেপ্তারের খবর প্রকাশ করে জাপানের স্থানীয় সংবাদমাধ্যম।
জাপানের সংবাদমাধ্যম টিবিএসের প্রতিবেদনে গ্রেপ্তার বাংলাদেশীর নাম ‘আলি ফাজার’ (৬১) হিসেবে উল্লেখ করা হয়েছে। এই ঘটনায় গ্রেপ্তার অপরজন হলেন কোইচি তানাকা (৬৩)। পুলিশের কাছে তানাকা নিজেকে পরিবহন ব্যবসায়ী এবং আলি ফাজার নিজেকে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন।
গুনমা পুলিশের বরাতে এফএম গুনমা জানায়, গত আগস্টে সিঙ্গাপুর থেকে নারিতা বিমানবন্দর হয়ে সোনার মুদ্রা ও অলঙ্কারসহ ৬৯টি সামগ্রী শুল্ক কর্তৃপক্ষের কাছে ঘোষণা না দিয়ে জাপানে প্রবেশের চেষ্টা করা হয়। প্রায় ১ দশমিক ৮ কেজি ওজনের এসব সামগ্রীর বাজারমূল্য ৪ কোটি ৫ লাখ ৭০ হাজার ইয়েন। পুলিশের সন্দেহ, এর মাধ্যমে শুল্ক ও ভোগকর বাবদ প্রায় ৪৩ লাখ ৬০ হাজার ইয়েন ফাঁকি দেওয়ার পরিকল্পনা ছিল। নারিতা বিমানবন্দরে তানাকার পোশাকের পকেটে সামগ্রীগুলো শনাক্ত করেন শুল্ক কর্মকর্তারা।
টিবিএস জানায়, অভিযুক্ত দু’জন আলাদাভাবে একাধিকবার সিঙ্গাপুরে যাতায়াত করেছেন এবং গুনমার বিভিন্ন দোকানে সোনা বিক্রি করেছেন বলে সন্দেহ করছে পুলিশ। জাপানে প্রবেশের আগে ও পরে তাদের ঘন ঘন যাতায়াত ছিল। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দু’জনই অভিযোগ অস্বীকার করেছেন। তানাকা দাবি করেন, কর ফাঁকি দেওয়া তাঁর উদ্দেশ্য ছিল না। অন্যদিকে, ফজর আলী এই ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফজর আলী ২০২১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তাঁর ভাই এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলে ফজর আলী প্রভাবশালী ওসমান পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। দেশের বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হামলা চালানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

